ওড়ার পরেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান

অনলাইন ডেস্ক, ১২ জুন, ২০২৫: অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন।

তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। এআই ১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিয়েছিল।

ওড়ার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দূর থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের বহু ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

আপাতত বিমান পরিষেবা বন্ধ রয়েছে অহমদাবাদ বিমানবন্দরেও। চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছোতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নায়ডু জানিয়েছেন, উদ্ধারকাজের উপর নজর রাখতে তিনি শীঘ্রই অহমদাবাদ পৌঁছোচ্ছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Comment