অনলাইন ডেস্ক, পিআইবি ১১ জুন, ২০২৫: স্বচ্ছ ভারত, ফিট ইন্ডিয়া ও নেশামুক্ত ভারত অভিযানের প্রচারে ত্রিপুরার গোমতী জেলার কাকড়াবন ব্লকের জামজুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। কেন্দ্রীয় সম্প্রচার ব্যুরোর (সিবিসি) আগরতলা ফিল্ড অফিস এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক স্বপন কুমার মজুমদার এবং সদস্য অরূপ সেন উপস্থিত থেকে এই কর্মসূচিকে সফল করে তোলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কালু রঞ্জন পাল ছাড়াও শিক্ষিকারা জয়শ্রী চক্রবর্তী, গীতা দেব রায় এবং শিক্ষক শ্যামল রায় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।
এই সচেতনতামূলক অনুষ্ঠানে সেমিনারের আয়োজন হয়। যে আলোচনা-চক্রে বক্তারা স্বচ্ছ ভারত, ফিট ইন্ডিয়া ও নেশামুক্ত ভারত অভিযান ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া ছিল কুইজ প্রতিযোগিতা, পুরুষ ও মহিলা বিভাগের জন্য পৃথকভাবে পুশ-আপ প্রতিযোগিতা। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে ছাত্রদের এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আর অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পরিচ্ছন্নতা অভিযান।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এবং ছাত্রছাত্রীদের ফিট থাকার অনুপ্রেরণা দিয়ে সিবিসি আগরতলার পক্ষ থেকে বিদ্যালয়কে উপহার হিসেবে একটি ভলিবল ও নেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তিতে প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুলের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় স্তরে স্বচ্ছতা, সুস্বাস্থ্য ও নেশামুক্ত সমাজ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সচেতনতা কর্মসূচি স্থানীয় পর্যায়ে এক বলিষ্ঠ ও সময়োপযোগী প্রয়াস হিসেবে উঠে এসেছে।







