দুর্গম এলাকায় বসবাসকারী জনজাতি পরিবারগুলির মধ্যে সোলার লাইট বণ্টন করা হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ জুন, ২০২৫: বন দপ্তরের উদ্যোগে আজ কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদা টাউনহলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকাবাসীর মধ্যে সুতা, মশারি এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রী বণ্টন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানুষের কল্যাণে গৃহীত দপ্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আই.জি.ডি.সি.- সি.আর.ই.এফ. এল.টি. প্রজেক্টের মাধ্যমে জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট ও স্কুল কলেজ সংস্কার, কমিউনিটি হল নির্মাণ করা হবে। এছাড়াও দুর্গম এলাকায় বসবাসকারী জনজাতি পরিবারগুলির মধ্যে সোলার লাইট বণ্টন করা হবে।

তাঁত শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের পাছড়া বোনার জন্য বিভিন্ন যন্ত্রপাতি দিয়েও সহায়তা করা হবে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, এডিসির কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, আই.জি.ডি.সি. প্রজেক্টের সি.ই.ও. এস. প্রভু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন দপ্তরের প্রধান সচিব আর কে. শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশদা বি.এ.সি.র চেয়ারম্যান উদাররাম রিয়াং।

অনুষ্ঠানে এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এম.ডি.সি. শৈলেন্দ্র নাথ, উত্তর জোনালের চেয়ারম্যান দীপালি রিয়াং, জম্পুইহিল বি.এ.সি.র চেয়ারম্যান বিয়াক চুংনুংগা, জেলা বন আধিকারিক সুমন মল্ল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং অন্যান্য অতিথিগণ দশদা টাউনহলের চারপাশে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

Leave a Comment