বিলোনীয়ায় মেগা লোন মেলা, প্রধানমন্ত্রী চাইছেন দেশের প্রতিটি অংশের নাগরিক যেন আত্মনির্ভর হয়: সমবায়মন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৯ জুন, ২০২৫: দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা এবং তিনি সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন। সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার নিরিখে আমাদের দেশ চতুর্থ স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী চাইছেন দেশের প্রতিটি অংশের নাগরিক যেন আত্মনির্ভর হয়। প্রধানমন্ত্রীর বার্তা ভোকাল ফর লোকাল এখন দেশের সর্বত্র পৌঁছে গেছে। আজ বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে এক মেগা লোন মেলার উদ্বোধন করে একথা বলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

দক্ষিণ ত্রিপুরার ২১টি ক্লাস্টার লেভেল ফেডারেশনও টি.আর.এল.এম.-এর ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেগা লোন মেলায় তিনি আরও বলেন, এই লোনের মাধ্যমে স্বসহায়ক দলের দিদিদের স্বাবলম্বী করার কাজ আরও এগিয়ে যাবে। বর্তমানে জেলায় ২৯০০৪ জন লাখপতি দিদি রয়েছেন। আরও ২৪,৬৬৯ জন লাখপতি দিদি তৈরি করা এই লোন মেলার উদ্দেশ্যে। মহিলাদের স্বশক্তিকরণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে।

এই লোনের টাকার সদব্যবহার করতে হবে ও তা সঠিক সময়ে পরিশোধ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, টি.আর.এল.এম.-এর চিফ অপারেটিং অফিসার ড. দীপায়ন ঘোষ, বিলোনীয়ার মহকুমা শাসক দেবাশিস দাস প্রমুখ। স্বাগত ভাষণ রাখেন দক্ষিণ জেলার জেলাশাসক ও সমাহর্তা মহম্মদ সাজাদ পি।

আজকের এই মেগা লোন মেলায় দক্ষিণ ত্রিপুরা জেলার ২১টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে উপযুক্ত ১,০৪২টি মহিলা দল ও উৎপাদক দলকে প্রায় ২০ কোটি টাকা সহজে শর্তে ঋণ প্রদান করা হয়। উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ ত্রিপুরা জেলায় ২১টি ক্লাস্টার লেভেল ফেডারেশন, ৩৫২টি গ্রাম সংগঠন, ৭,৫০৬টি মহিলা দল রয়েছে এবং ৬৯,৫৭৮ জন সক্রিয় সদস্যা স্বসহায়ক দলের সাথে যুক্ত আছেন।

Leave a Comment