জমির ভূয়া রেজিস্ট্রেশন,বলপূর্বক দখল ও জালিয়াতির অভিযোগ

অনলাইন ডেস্ক, ৮ জুন, ২০২৫: জমি রেজিস্ট্রেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সম্প্রতি এক আবেদন পেশ করা হয়েছে জিরানিয়া সাব-রেজিস্ট্রার অফিসে। ঘটনা বোধজংনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদির লালমাটিয়ার। স্থানীয় এলাকার বাসিন্দা তথা অভিযোগকারী নারায়ণ চক্রবর্তী জানান, তাঁর পিতামহ শান্তি ভূষণ চক্রবর্তী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে ১৯৭৫ সালে সাবেক দাগ নং-৩৫৬৪, ৩৫৬৫, ৩৫৭০ এর অধীনে ১.১৭ একর জমি বরাদ্দ হয় এবং খতিয়ান নং-১০৮৭ অনুযায়ী নাম নথিভুক্ত হয়। পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে তিনিও জমির মালিক হন।

তিনি বলেন সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু ২০২১ সালের ৬ই মে’র পর এলাকার এক নেতাসহ আরও সাতজন জাল নথি এবং মিথ্যা হলফনামার মাধ্যমে ওই জমির অংশ নিজেদের নামে রেকর্ড করান এবং নতুন খতিয়ান নং-১০৫৪১ তৈরি করেন। তারা সাবেক দাগ নং-৩৫৬৫ ও হাল প্লট নং-৭৬৯০, ৭৬৯১, ৭৬৯২ এর উপর অবৈধভাবে মালিকানা দাবি করেন। তিনি অভিযোগ করেছেন এক্ষেত্রে সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে।

এ বিষয়টি তিনি জিরানিয়া এসডিএম জেলাশাসক অফিস ও থানায় জানিয়ে কোন সুফল পাননি। অতি সম্প্রতি এসডিএম এর কাছে লিখিত অভিযোগ তিনি জানিয়েছিলেন কিন্তু কোন সাড়াশব্দ পাচ্ছেন না। কেন এই অবস্থা সেটা বুঝতে পারছেন না তিনি। গণমাধ্যমের সামনে তাদের নানান আশঙ্কার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেছেন ওই নেতার কার্যকলাপের বিরুদ্ধে মুখ খোলার কারণে তাদের বাড়ি ঘরে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে।

দা দিয়ে বাড়ির বেড়া কোপানো হয়েছে। ঢিল দেওয়া হয়েছে। বাড়ির লোকজনদের নিরাপত্তার জন্য এখন বাধ্য হয়ে সিসি ক্যামেরা লাগাতে হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা নিরাপত্তার দাবি করেছেন এবং এই যে জালিয়াতি ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক সেটা কামনা করেছেন। তারা জানান তাদের বৈধ কাগজপত্র রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে জায়গা হরপ করার জন্য জালিয়াতি হয়েছে।

Leave a Comment