অনলাইন ডেস্ক, ৩০ মে, ২০২৫ : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গোমতী জেলার উদ্যোগে গত ২৯মে এক ‘বিশেষজ্ঞ মেগা স্বাস্থ্য ও রক্তদান শিবির’ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি উদয়পুরস্থিত মহারাণী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে হাতিছড়া সীমানা এলাকায় গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মহারাণী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ডাঃ বিশ্বজিৎ দেববর্মা এবং সাধারণ সম্পাদক ডাঃ কনক চৌধুরীর অনুরোধে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গোমতী জেলা এই শিবিরের আয়োজন করেছে। বিধায়ক অভিষেক দেবরায় এবং টিটিএএডিসি মহারাণী-চেলাগাং-এর এমডিসি সম্রাট জমাতিয়া এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং তাঁরা বক্তব্য রাখেন।
এই শিবিরে মোট ২৬৪ জন রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এরমধ্যে আল্ট্রাসাউন্ড করা হয়েছে ২০ জনের, অস্ত্রোপচারের জন্য নির্বাচিত হন ৫ জন রোগী, ইসিজি করা হয়েছে ১৫ জনের, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা কার্ড তৈরি করা হয়েছে ৩০ জনের। এছাড়াও এই শিবিরে ৫ জন রক্তদান করেছেন। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কনক চৌধুরী এই ধরণের পেরিফেরাল বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবির আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
গোমতী জেলা হাসপাতাল থেকে ডাঃ কাজল কুমার দাস, এমএস (প্রসূতি ও স্ত্রীরোগ), ডাঃ বিশ্বজিৎ পাল, এমএস (সার্জারি), ডাঃ প্রদীপ মল্লিক, এমএস (ইএনটি), ডাঃ অর্পণ মিত্র, এমডি (মেডিসিন), ডাঃ শর্মিষ্ঠা চৌধুরী, এমডি (শিশুরোগ), ডাঃ প্রসেনজিৎ দেবনাথ, এমএস (অর্থোপেডিকস), ডাঃ অভিষেক বর্মণ, এমডি (রেডিওলজি), ডাঃ স্যামুয়েল দেববর্মা, এমএস (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ সৌমিক চক্রবর্তী, ডিএসও, গোমতী, ডাঃ জয়শংকর মজুমদার, এমওআইসি, কাঁকড়াবন সিএইচসি, ডাঃ তমাল দেববর্মা, এমওআইসি, মহারাণী পিএইচসি, ডাঃ পার্থ তলাপাত্র, এমওআইসি, তুলামুড়া পিএইচসি এই শিবিরে অংশগ্রহণ করেছেন। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








