অনলাইন ডেস্ক,২৮ মে, ২০২৫: কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত ৪নং ওয়ার্ডে জল নিষ্কাশন ব্যবস্থার করুণ দশা স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনছে। বিএসএনএল অফিসের পেছনের এলাকায় বসবাসকারী প্রায় ৩০টি পরিবার সামান্য বৃষ্টিতেই জলবন্দি হয়ে পড়ছেন।
রাস্তা থেকে শুরু করে ঘরের ভিতরেও ঢুকে পড়ছে বৃষ্টির জল। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসীরা সম্প্রতি মহকুমা শাসকের দ্বারস্থ হন। স্থানীয়দের এই অভিযোগের ভিত্তিতে আজ দুপুর ২টা নাগাদ মহকুমা শাসক ও সমাজসেবক সন্দীপ দেবরায় এলাকা পরিদর্শনে আসেন।
সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে মহকুমা শাসক আশ্বাস দেন, প্রাথমিকভাবে কয়েকটি স্পান পাইপ বসানো হবে এবং কাঁচা ড্রেন তৈরি করে অন্ততপক্ষে বৃষ্টির জল যাতে দ্রুত বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। কাজটি আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে তিনি জানান।
তবে পরিস্থিতির অবনতির জন্য শুধুমাত্র পরিকাঠামোগত ত্রুটিকে দায়ী না করে সমাজসচেতনতার অভাবকেও বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন সমাজসেবক সন্দীপ দেবরায়। তিনি বলেন, “পুর পরিষদ নিয়মিত ড্রেন পরিষ্কার করলেও দেখা যায় ড্রেন থেকে অসংখ্য খালি মদের বোতল এবং প্লাস্টিকের জলের বোতল উঠে আসে।
এতে জল আটকিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়।” তিনি আরও জানান, বহুবার দেখা গেছে ড্রেন এতটাই আটকে যায় যে পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নিজেই কোদাল হাতে নিয়ে ড্রেন পরিষ্কার করতে বাধ্য হন। সমস্যার সমাধান শুধু প্রশাসনের একক প্রচেষ্টায় সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
তাই সমাজসেবক সন্দীপ দেবরায় মদ্যপানকারীদের কাছে আহ্বান জানান, “অনুগ্রহ করে ড্রেনে খালি বোতল বা প্লাস্টিক ফেলবেননা। এটা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, আমাদের সবার সচেতনতার বিষয়। অন্যথায় আমরা নিজেরাই দুর্ভোগে পড়ব।”








