কৈলাসহর পুলিশের হাতে আটক নেশা কারবারের মাস্টার মাইন্ড আজাদ আলী

পুলিশের হাতে ধরা পড়তেই চরম পদক্ষেপ অভিযুক্ত নেশা কারবারির ! চাঞ্চল্যকর ঘটনা কৈলাসহরে ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের নাম আজাদ আলী। ভগবান নগরে পুলিশের হানা, ব্রাউন সুগার সহ ধৃত আজাদ আলীর বিষ পান করে আত্মহত্যা চেষ্টা।
ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে ফের মাদকচক্রের জালে এক চিহ্নিত মাদক বিক্রেতা ধরা পড়েছে। গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে আজ কৈলাসহর থানার পুলিশ অভিযান চালিয়ে আজাদ আলী (৫৮)-র বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে। অভিযানে বাজেয়াপ্ত করা হয় মোট নব্বই কৌটা ব্রাউন সুগার। স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদ আলী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং পূর্বেও এই অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। আজকের অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে সে অসুস্থতার ভান করে জানায়, তার রক্তচাপ বেড়েছে ও ঔষধ খেতে হবে। পুলিশ সন্দেহ না করে তাকে ঔষধ খাওয়ার অনুমতি দিলে, সে সুযোগ নিয়ে বিষ জাতীয় দ্রব্য সেবন করে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ।
ঘটনাটি বুঝতে পেরে পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভগবান নগর জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আজাদ আলী পুলিশি নিরাপত্তায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজাদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। এতদিনে এলাকার মানুষের নাকের ডগায় বসে যে মাদক কারবার চলছিল, তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, শুধুমাত্র আজাদ আলী নয়—এই চক্রের সঙ্গে যারা যুক্ত, তাদের সবাইকে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশাসনের কাছে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment