অনলাইন ডেস্ক,২৭ মে, ২০২৫: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আই আই আই.ডি.ই.এম.)-এ গতকাল থেকে বি.এল.ও, সুপারভাইজারদের ২ নং ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
ক্ষেত্রীয় পর্যায়ের মোট ৩৫৩ জন নির্বাচন আধিকারিক (উত্তরপ্রদেশের ১০১ জন, উত্তরাখন্ডের ৮২ জন, রাজস্থানের ৮৩ জন এবং হিমাচলপ্রদেশের ৮৪ জন) এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে বি.এল.ও, বি.এল.ও. সুপারভাইজার এবং নির্বাচক নিবন্ধন আধিকারিক রয়েছেন।
এবারের প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে গত দু’মাসে নয়াদিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে ৩,৩৫০ জনের বেশি ক্ষেত্রীয় পর্যায়ের নির্বাচন আধিকারিক এজাতীয় প্রশিক্ষণ পেয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০, রেজিস্ট্রেশন অব ইলেক্টরস রুলস ১৯৬০, কন্ডাক্ট অব ইলেকশন রুলস ১৯৬১ এবং সময় সময় ভারতের নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে এ জাতীয় প্রশিক্ষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মীরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রথম ও দ্বিতীয় আপিলের ক্ষেত্রে কি করতে হয় তা জানতে পারবেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান ও হিমাচলপ্রদেশে ৬-২০ জানুয়ারি, ২০২৫-এ ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার পর কোনও আপিল জমা পড়েনি।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী নির্বাচন কর্মীদের নির্বাচক নিবন্ধন, ফর্ম সংক্রান্ত কাজ, নির্বাচনী প্রক্রিয়া ক্ষেত্রীয় পর্যায়ে বাস্তবায়ন, বিভিন্ন তথ্য প্রযুক্তি সংক্রান্ত টুল ব্যবহার, ই.ভি.এম. ও ভি.ভি.প্যাট সংক্রান্ত বিষয় হাতে কলমে শেখানো হয়। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।








