অনলাইন ডেস্ক, ১০ মে, ২০২৫: ধর্মনগর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী গতকাল ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুরপরিষদের উদ্যোগে কালীদীঘির পাড়ে আম্রকুঞ্জে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন, বর্তমানে ধর্মনগর সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি রাণী দাস সেন, জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ও.এস.ডি. সমীর রঞ্জন নাথ, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা রিপন চাকমা প্রমুখ। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। সন্ধ্যায় বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
কৈলাসহর: কৈলাসহরে উনকোটি কলাক্ষেত্রে গতকাল রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের কাউন্সিলার মনীষ ভট্টাচার্য, মহকুমা শাসক প্রদীপ সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা বিশ্বজিৎ দেব প্রমুখ। অতিথিগণ কবিগুরুর সাহিত্য ও জীবন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিগণ কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। পানিসাগর: পানিসাগর মহকুমাভিত্তিক রবীন্দ্র জয়ন্তী গতকাল পানিসাগর টাউনহল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌসুমী দেবনাথ সহ বিশিষ্টজনেরা।
সন্ধ্যায় পানিসাগর টাউনহলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পানিসাগর মহকুমার ১৫টি সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ রবীন্দ্র সংগীত, নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌসুমী দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধরণী মোহন নাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন।








