অনলাইন ডেস্ক,০৬ মে, ২০২৫: রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের উদ্যোগ ও তত্ত্বাবধানে, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ত্রিপুরার ঊনকোটি জেলার দেওরাছড়া এডিসি ভিলেজের বেলকুমবাড়ী স্কুল মাঠে গড়ে উঠছে এক আন্তর্জাতিক মানের সিনথেটিক ফুটবল মাঠ।
এই আধুনিক মাঠটি নির্মিত হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অর্থায়নে।মাঠটির ভার্চুয়াল শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, ৪ঠা মার্চ ২০২৫। বেলকুমবাড়ী জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার সিং জানান, আগামী এক মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে।
এটি রাজ্যে নির্মাণাধীন তিনটি ফিফা স্ট্যান্ডার্ড মাঠের একটি, যা ঊনকোটি জেলার ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। স্থানীয় যুবসমাজের ফুটবলের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ছে, আর এই আধুনিক পরিকাঠামো তাদের খেলোয়াড় হয়ে ওঠার স্বপ্নকে বাস্তবের মাটি দেবে বলেই আশা সকলের।
এই উদ্যোগ কেবল ক্রীড়া উন্নয়ন নয়, বরং সমাজে নেশা ও অবক্ষয়ের বিরুদ্ধে এক ইতিবাচক বিকল্প হিসেবেও বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতায় ভরপুর কণ্ঠে জানাচ্ছেন, এই মাঠ তাদের গ্রামকে নতুন পরিচিতি দেবে।








