অনলাইন ডেস্ক,০৬ মে, ২০২৫: বর্তমান রাজ্য সরকার কৃষকদের কল্যাণে দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছেন রাজ্যের কৃষকগণ।
আজ জোলাইবাড়ি কমিউনিটি হলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। উদ্বোধকের ভাষণে সমবায়মন্ত্রী আরও বলেন, গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যদানের পাশাপাশি সরকার কৃষকদের হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দিচ্ছে।
কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সহায়কমূল্যে ধান ক্রয় করছে, সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সেচ বাঁধ ও সেচ প্রকল্পগুলি মেরামত করা হচ্ছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের ২ লক্ষ ১৩ হাজার ৫৪৫ জন কৃষকের জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে ৭৯ কোটি ৮৮ লক্ষ টাকা।
রাজ্যের প্রত্যেক ব্লকেই আজ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা প্রদান করা হচ্ছে। এরমধ্যে জোলাইবাড়ি কৃষি মহকুমায় ১২,৫২৩ জন কৃষক এই সাহায্য পাচ্ছেন। মোট ৬ কোটি ৫৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দান করা হচ্ছে জোলাইবাড়ি কৃষি মহকুমার কৃষকদের।
অনুষ্ঠানে সমবায়মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন জোলাইবাড়ি বি.এ.সি-র চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সদস্য শম্ভু মানিক, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। সভাপতিত্ব করেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জয়দেব দত্ত। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সাহায্যের মঞ্জুরিপত্র তুলে দেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং অনুষ্ঠানের অতিথিগণ।








