কমলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক,০৬ মে, ২০২৫: কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ কমলপুরের নজরুল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮১৫ জন কৃষককে এন.ডি.আর.এফ, প্রকল্পে প্রাপ্ত অর্থে আর্থিক সাহায্য করা হয়।

বিধায়ক মনোজ কান্তি দেব ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সাহায্য প্রদান করেন। মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক বলেন, গত বছর বন্যায় ২ হাজার ৮৭৪ জন কৃষকের ৫৫৪ হেক্টর খারিফ ফসল নষ্ট হয়েছে। এতে তাদের ৪৭ লক্ষ ৯ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে।

৫০ জন কৃষকের ১০.৪১ হেক্টর জমিতে বালি জমে ফসল নষ্ট হয়েছে। তাদেরকে ১ লক্ষ ৮৭ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। ৮৯১ জন কৃষকের ১৬৭ হেক্টর সব্জি ক্ষেত নষ্ট হয়েছে। তাদের আর্থিক সাহায্য করা হয় ১৪ লক্ষ ২২ হাজার টাকা।

এই প্রকল্পে মোট ৬৩ লক্ষ ১৮ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ এবং ১৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দুর্গাচৌমুহনি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা।

Leave a Comment