অনলাইন ডেস্ক,১৪ এপ্রিল, ২০২৫: রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর চিরাচরিত কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে রাজ্যের বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল কাঞ্চনপুর গার্লস হোস্টেল সংলগ্ন মাঠে তিনদিনব্যাপী বিউ পরব উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিস্ক রায় একথা বলেন। তিনি বলেন, সমাজের সকল অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার কাজ করে চলেছে।
সমাজের একেবারে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত যাতে উন্নয়নমূলক কাজের সুফল ভোগ করতে পারেন সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বর্তমান সরকার প্রতিটি জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতিকে সম্মান করে এবং যথাযথ মর্যাদা দেয়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তাদের নিজস্ব সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরতে হবে। এতে সমাজ উপকৃত হবে।
রাজ্যের উন্নয়নের গতিকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী স্টল খোলা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, এডিসি’র কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াৎ, এমডিসি শৈলেন্দ্র নাথ, এমডিসি স্বপ্না রাণী দাস, লালজুরি বিএসি’র চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী, সমাজসেবী ধীরেন্দ্র কর, বিউ পরব উৎসব কমিটির সম্পাদক তাবুল বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিউ পরব উৎসব কমিটির সভাপতি স্বপন মিত্র তালুকদার। উল্লেখ্য, বিউ পরব উৎসব কমিটি তিনদিনব্যাপী এই উৎসব ও মেলার আয়োজন করেছে।








