তেলিয়ামুড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক, ৬ মার্চ, ২০২৫: আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়ার নেতাজীনগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিনস্ত তেলিয়ামুড়া আরবান সিডিপিও প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকার পক্ষের মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নারীরা সমাজের কোন অংশে পিছিয়ে নেই। নারীদের প্রতি বৈষম্য এবং নারী নির্যাতন একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সমাজের সকল অংশের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার নারীদের আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করে চলেছে। যার সুফল নারীরা পাচ্ছেন। অনুষ্ঠানে নারীদিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার। স্বাগত বক্তব্য রাখেন সিডিপিও আরবান সুবিনয় ভৌমিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়। অনুষ্ঠানে তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৩ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৩ জন অঙ্গনওয়াড়ি সহায়িকাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক মিঠন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া তেলিয়ামুড়া আইসিডিএস প্রজেক্ট রুর‍্যাল এর উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে আন্তর্জাতিক নারীদিবস উদযাপনের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডিপিও পৃথিলা প্রসূন দাস।

Leave a Comment