নারী সংরক্ষণ কার্যকরে অটল কেন্দ্র, বিরোধীদের উদ্দেশে বার্তা মোদির

প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৬: লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। শনিবার এক ভিডিও বার্তায় এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানান, দেশের নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের সংকল্প অটুট রয়েছে। নারী সংরক্ষণের পথে কোনও বাধাই শেষ পর্যন্ত টিকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন বসার কথা। এই অধিবেশনে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, ২০২৬ পুনরায় আনার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইন সংশোধনী বিলও যুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রস্তাবিত বিলগুলিতে ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করে আসন পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে। পাশাপাশি লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রয়েছে। সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থাও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে মহিলাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। এই লক্ষ্য পূরণের প্রচেষ্টায় তিনিও বহু বছর ধরে যুক্ত রয়েছেন। দেশের বহু মহিলা তাঁকে চিঠি লিখে বিষয়টি নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। দেশের নারীশক্তির পূর্ণ সমর্থন সরকারের সঙ্গে রয়েছে বলে তাঁর দাবি।

দেশের মহিলাদের উদ্দেশে মোদির বার্তা, দৃঢ় মনোবল, অদম্য সাহস ও অবিচল সংকল্প নিয়ে নারী সংরক্ষণের পথে থাকা সমস্ত বাধা দূর করা হবে। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, যারা নারী সংরক্ষণের বিরোধিতা করছেন, তাঁরা লোকসভা ও বিধানসভায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির প্রক্রিয়া আটকে রাখতে পারবেন না। তাঁর মতে, এই পরিবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের একদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিলের সংশোধনীতে অনুমোদন দিয়েছে। এর ফলে লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে আনুমানিক ৮১৫ করার পথ প্রশস্ত হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আসনসংখ্যা বৃদ্ধির পরবর্তী বিন্যাস ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে।

তবে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিলের বিস্তারিত বিষয় এখনও প্রকাশ্যে আসেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মধ্যে বিদ্যমান আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে। বিশেষ করে বিরোধী শাসিত রাজ্য এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি লোকসভায় আসন বৃদ্ধির ফলে তাদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে আসছে। সেই উদ্বেগ প্রশমিত করতেই এই বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment