আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত তিরানা

প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৬: আলবেনিয়ার রাজধানী তিরানায় শনিবার সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে, মুখোশধারী বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবন লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে এবং অন্তত একটি ভবনে আগুন ধরিয়ে দেয়।

গত কয়েক মাস ধরেই আলবেনিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে। শুরুতে শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও পরবর্তী সময়ে তা একাধিকবার পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে রূপ নিয়েছে। গত মে মাসে উপকূলবর্তী একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। প্রকল্পটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর দুর্নীতির প্রশ্নে ক্ষোভ আরও বাড়ে। অক্টোবরে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় দেশের স্বাস্থ্য পরিষেবার দুরবস্থা এবং তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে হতাশার বিষয়টিও।

বিক্ষোভকারীরা সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। শনিবার ছাত্র সংগঠন ও বিরোধী দলগুলির পৃথক আহ্বানে রাজধানী তিরানার কেন্দ্রে হাজার হাজার মানুষ জমায়েত হন। আলবেনিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে উদ্‌যাপনের সপ্তাহান্তেই এই বিক্ষোভ হওয়ায় পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

বিক্ষোভ চলাকালীন কয়েক ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। আন্দোলনকারীরা সরকারি ভবন লক্ষ্য করে পাথর, ধোঁয়া বোমা, আতশবাজি ও পেট্রোল বোমা ছোড়েন। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস, পেপার স্প্রে ও জলকামান ব্যবহার করে। সংবাদ সংস্থা এএফপির ভিডিও ফুটেজে পরিবেশ মন্ত্রকের ভবনের ভিতরে আগুন জ্বলতে দেখা যায়। এএফপির এক সাংবাদিকের প্রত্যক্ষদর্শী বিবরণ অনুযায়ী, মুখোশধারী বিক্ষোভকারীরা পরিবহণ মন্ত্রক ও কেন্দ্রীয় ব্যাংকের জানালা ভাঙচুর করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। অন্তত একবার এক পুলিশকর্মীকে সাধারণ মানুষের দিকে রাবার বুলেট ছুড়তেও দেখা যায়।

সংঘর্ষের জেরে রাজধানীর প্রধান সড়ক ঘন ধোঁয়ায় ঢেকে যায়। বিকেলের দিকে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষে পুলিশকর্মী ও সাংবাদিক-সহ মোট ১৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত অক্টোবরের শেষদিকে বিক্ষোভের সময় হিংসা, লুটপাট কিংবা পরিচয় গোপন করার অভিযোগে সর্বোচ্চ পাঁচ লক্ষ লেক (প্রায় ৬,১০০ মার্কিন ডলার) জরিমানার বিধান রেখে আইন গ্রহণ করে সরকার। নতুন আইনে সরকারি প্রতিষ্ঠানের আশপাশে সাময়িকভাবে জমায়েত সীমিত করা এবং অনলাইনে হিংসায় উসকানি দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও পুলিশকে দেওয়া হয়েছে। এরপর থেকে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কমেছে।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের লক্ষ্যে এগিয়ে চলা আলবেনিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment