প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৬: সাব্রুম রেলস্টেশন সংলগ্ন বসাকপাড়া এলাকায় রাতের অন্ধকারে একটি রাবার বাগানে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাবার চুরি করার পাশাপাশি একাধিক রাবার গাছ ক্ষতবিক্ষত করে দেওয়ায় আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিকের।
রাবার বাগানের মালিক তথা সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী পশমি দে রায় চৌধুরী জানান, এর আগে ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনের পরও তাঁর বাগানে একই ধরনের ঘটনা ঘটেছিল।
এবারের নগর পঞ্চায়েত নির্বাচনের পর পুনরায় এমন ঘটনায় এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনার এবং জেলা ও মহকুমা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং তদন্তে সহায়তার জন্য বিএসএফের ডগ স্কোয়াডও আনা হয়। সাম্প্রতিক সময়ে সাব্রুম মহকুমায় রাবার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাগান মালিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।








