শুভম সলিটেয়ার আবাসনে ফ্ল্যাট হস্তান্তর, রেজিস্ট্রি ও মেইনটেন্যান্সের হিসাব নিয়ে ক্ষোভ! ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ ফ্ল্যাট মালিকদের!!

প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৬: কাশীপুরের শুভম সলিটেয়ার আবাসনে ফ্ল্যাট রেজিস্ট্রেশন, হস্তান্তর এবং কমন মেইনটেন্যান্স চার্জের হিসাব নিয়ে ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন আবাসনের ফ্ল্যাট মালিকরা।

তাঁদের অভিযোগ, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ও হস্তান্তর করার কথা থাকলেও তা সময়মতো করা হয়নি। চুক্তিতে নির্ধারিত সময়ের পরে বিলম্ব হলে ২ শতাংশ হারে সুদ দেওয়ার শর্তও ছিল বলে দাবি তাঁদের।এদিন নিজেদের দাবি নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

ফ্ল্যাট মালিকদের দাবি, অনেকেই ব্যাঙ্কঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ও হস্তান্তর না হওয়ায় তাঁদের অতিরিক্ত সুদের বোঝা বহন করতে হচ্ছে। চুক্তিতে উল্লেখ থাকা ২ শতাংশ বিলম্বজনিত সুদের অর্থ কে বহন করবে, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

পাশাপাশি, আবাসনটি সম্পূর্ণ আবাসিক কমপ্লেক্স হওয়া সত্ত্বেও সেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে অফিস ভাড়া দেওয়ার অভিযোগও তুলেছেন ফ্ল্যাট মালিকরা। তাঁদের বক্তব্য, আবাসিক কমপ্লেক্সের ভিতরে বাণিজ্যিক কার্যকলাপ পরিচালনার অনুমতি কীভাবে দেওয়া হচ্ছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

ফ্ল্যাট মালিকদের দাবি, শুভম সলিটেয়ার আবাসনে প্রায় ৩৩০ থেকে ৩৫০টি ফ্ল্যাট রয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না। অবিলম্বে রেজিস্ট্রেশন, হস্তান্তর, মেইনটেন্যান্সের পূর্ণাঙ্গ হিসাব এবং বিলম্বজনিত সুদের বিষয়ে ম্যানেজমেন্টের স্পষ্ট জবাব দাবি করেছেন তাঁরা।

দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন, এমনকি রাস্তায় বসে প্রতিবাদ জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন ফ্ল্যাট মালিকদের একাংশ।

Leave a Comment