নয়াদিল্লি, ২৬ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রতিনিধি হিসেবে ২৫ বছরের যাত্রাকে কেন্দ্র করে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি গ্রহণ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘সেবা দূত অভিযান’। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পদে পৌঁছনো পর্যন্ত মোদীর দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক পথচলাকে স্মরণ করতেই এই বিশেষ উদ্যোগ বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
বিজেপি সূত্রের খবর, এই কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র দলীয় সংগঠনের মধ্যে প্রচার সীমাবদ্ধ রাখতে চাইছে না নেতৃত্ব। বরং দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই হবে অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে দলের প্রবীণ ও শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন বিধানসভা এলাকায় যাবেন। সেখানে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কাজ কতটা এগিয়েছে, তা পর্যালোচনা করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা।
এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে, তা জানারও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মানুষের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজ নেবেন দলীয় নেতারা।
‘সেবা দূত অভিযান’-এর সর্বভারতীয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরিশ দ্বিবেদীকে। তাঁকে এই কর্মসূচির জাতীয় সমন্বয়ক বা আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেশজুড়ে অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন, সাংগঠনিক সমন্বয় এবং কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে তাঁর উপর।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যস্তরের নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ ও সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হচ্ছে। ডিসেম্বরের প্রথম দিন থেকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দেশজুড়ে এই অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে বিজেপির।








