উদয়পুর পৌর পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে ৮ দফা স্মারকলিপি

প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৬: আগামী ২৭ তারিখে অনুষ্ঠিতব্য উদয়পুর পৌর পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবিতে গোমতী জেলা প্রশাসকের কাছে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিল জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করার দাবি জানায়।

স্মারকলিপিতে প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ভোটের দিন বহিরাগতদের প্রবেশ রুখতে শহরের বিভিন্ন প্রবেশপথে নাকা চেকিং জোরদার করা সহ একাধিক দাবি তুলে ধরা হয়। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েকটি বুথে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্বাচনের আগেই এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সক্রিয় ভূমিকা দাবি করা হয়। পাশাপাশি ভোটকর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়।

জেলা প্রশাসক প্রতিনিধি দলের বক্তব্য ও দাবিগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা কংগ্রেসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, প্রশাসনের যথাযথ উদ্যোগে উদয়পুর পৌর পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

Leave a Comment