প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ দিনে বাধারঘাট এলাকায় ব্যাপক প্রচার কর্মসূচি পালন করল বিজেপি। দলের ১৪ নম্বর বাধারঘাট মণ্ডলের সভাপতি অভিষেক দেব রায় এবং এলাকার বিধায়িকা মিনা রানী সরকারের নেতৃত্বে আয়োজিত বিশাল বাইক র্যালিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালিকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রচার চালানো হয়। বিজেপি নেতৃত্বের দাবি, বিপুল সংখ্যক বাইক আরোহীর অংশগ্রহণ নির্বাচনে দলের প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন। প্রচারের শেষ পর্যায়েও সাধারণ মানুষের মধ্যে দলকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেন তাঁরা।
প্রদেশ সভাপতি বলেন এলাকর বিভিন্ন ওয়ার্ডে জনপ্রতিনিধিদের কাজ এবং মানুষের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে এলাকার বিধায়িকা মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন বলেই ভোটারদের মধ্যে বিজেপির প্রতি আস্থা রয়েছে বলে দাবি করা হয়। শেষ দিনের প্রচারে প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিনের বক্তব্যে বিরোধী দলগুলির ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। তিনি অভিযোগ করেন, বিরোধীরা উন্নয়নমূলক কর্মসূচির পরিবর্তে অভিযোগ ও রাজনৈতিক বিতর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। অতীতের রাজনৈতিক হিংসার বিভিন্ন ঘটনা উল্লেখ করে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টানেন তাঁরা।
বিজেপি নেতৃত্বের দাবি, বর্তমান সময়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে উন্নতি হয়েছে। এই বিষয়গুলিকে নির্বাচনী প্রচারে তুলে ধরে দলের পক্ষে জনসমর্থন রয়েছে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বিজেপি সভাপতি জানান, বাধারঘাটের প্রতিটি ওয়ার্ডে জয়ের লক্ষ্যে তাঁরা মাঠে নেমেছেন। শেষ দিনের বাইক র্যালি ও প্রচার কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারকে আরও জোরদার করার চেষ্টা করা হয়েছে।








