নেপালে আইআইটি-র অফশোর ক্যাম্পাস গড়বে ভারত, যুবসমাজের উন্নয়নে একাধিক উদ্যোগ মোদির ঘোষণা

নয়াদিল্লি:, ২৩ নভেম্বর, ২০২৬: ভারত ও নেপালের মধ্যে শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (আইআইটি)-র একটি অফশোর ক্যাম্পাস স্থাপনের পাশাপাশি স্টার্টআপ ইনকিউবেটর এবং ইনোভেশন হাব গড়ে তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নেপালের তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, নেপালের যুবসমাজ প্রতিভা, উদ্যম ও বড় স্বপ্নে সমৃদ্ধ। তাদের স্বপ্ন বাস্তবায়নে ভারত সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। সেই লক্ষ্যেই নেপালে স্টার্টআপ ইনকিউবেটর, ইনোভেশন হাব এবং আইআইটির অফশোর ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নেপালি পড়ুয়াদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আইন ও প্রযুক্তি বিষয়ে নেপালি শিক্ষার্থীদের জন্য ভারতে বৃত্তির সুযোগ বাড়ানো হবে বলেও জানান তিনি।

ভারত ও নেপালের মধ্যে প্রকাশিত যৌথ ভিশন ডকুমেন্টে এই উদ্যোগগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদির কথায়, ‘বিকশিত ভারত’ এবং ‘সমুন্নত নেপাল’ গড়ে তোলার যৌথ লক্ষ্যে এই নথি ভবিষ্যতের পথনির্দেশক হিসেবে কাজ করবে।

শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি নেপালের কৃষি ও শিল্পক্ষেত্রের উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষিজ পণ্যের মূল্য সংযোজনের লক্ষ্যে নেপালে একটি অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানান মোদি।

দুই দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা, সৃজনশীল শিল্পী এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। যৌথ ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে পরবর্তী WAVES সম্মেলনে নেপাল থেকে বৃহৎ প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাবে ভারত। পাশাপাশি ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, নেপালে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং খেলোয়াড়দের প্রশিক্ষণের ক্ষেত্রেও ভারত সহায়তা করবে।

এদিকে নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত আগস্ট মাসে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, বিপর্যয়ের কঠিন সময়ে ভারত নেপালের পাশে রয়েছে।

মোদি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জীবনযাত্রা স্বাভাবিক করে তোলা, নতুন কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়ানোই এই আর্থিক সহযোগিতার মূল উদ্দেশ্য।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে আসা বালেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে তাঁর নেতৃত্বের প্রশংসাও করেন মোদি। তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে রাষ্ট্রসংঘে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শাহের বক্তব্যে নেপালের ভবিষ্যৎ সম্পর্কে তাঁর সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া গিয়েছিল।

মোদি আরও বলেন, চলতি বছরে নেপালের জনগণ বালেন্দ্র শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন। দুই দেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি বলেন, ভারত ও নেপালের বন্ধুত্বের ভিত্তি হলো পারস্পরিক আত্মীয়তার বন্ধন, আস্থা এবং দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক।

দুই প্রতিবেশী দেশের মধ্যে শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও পরিকাঠামোগত সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যেই সোমবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Comment