আগরতলায় বামফ্রন্টের সমর্থনে সিপিআইএমের বিশাল বাইক র‍্যালি

প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: আগামী ২৭ তারিখ আগরতলা পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে সোমবার শহরে বিশাল মোটরসাইকেল র‍্যালি সংগঠিত করল সিপিআইএম। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এই র‍্যালিতে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

র‍্যালিটি সিপিআইএমের পশ্চিম জেলা কার্যালয় থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। র‍্যালির আগে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রেখে মিছিল সুশৃঙ্খলভাবে পরিচালনার আহ্বান জানানো হয়। র‍্যালির সামনে মোটর শ্রমিকদের দুটি বাইক, তার পিছনে প্রচারের গাড়ি ও মহকুমা দপ্তরের গাড়ি এবং নির্দিষ্ট সারিতে অন্যান্য বাইক রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কোনও বাইক যাতে অন্য বাইককে ওভারটেক না করে, সেই বিষয়েও সতর্ক করা হয়।

বক্তব্যে নির্বাচনী প্রচারে বিভিন্ন বাধা ও আক্রমণের অভিযোগ তুলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জারি রাখার কথা বলেন দলীয় নেতৃত্ব। তাঁদের দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শহরের বিভিন্ন এলাকায় মানুষের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। নির্বাচনের শেষ কয়েকদিনেও এই প্রচার আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

বিজেপির বিরুদ্ধে বাধা ও হামলার অভিযোগ তুলে বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং আগরতলা শহরের সার্বিক উন্নয়নই তাঁদের রাজনৈতিক লড়াইয়ের মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, করের বোঝা হ্রাস এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নের দাবিও বক্তব্যে উঠে আসে।

লাল ঝাণ্ডার ঐতিহ্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী প্রচারে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে র‍্যালির মাধ্যমে বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয়।

 

Leave a Comment