প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে কেন্দ্র করে ১৩ নম্বর ওয়ার্ডে আজাদ সমাজ পার্টির প্রার্থী হামিদ মিঞার প্রচারে লাগানো ফ্লেক্স ও ফেস্টুন নষ্ট করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আজাদ সমাজ পার্টি ও সিপিআইএম-এর প্রচারসজ্জা এবং পতাকা নষ্ট করার অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজাদ সমাজ পার্টির ত্রিপুরা রাজ্য ইউনিটের সভাপতি সুনীল কুমার দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁদের প্রার্থীর প্রচারে লাগানো ফ্লেক্স, ফেস্টুন ও অন্যান্য প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত করেছে। ভাটি অভিনগর বিটার বন মোল্লাপাড়া এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।
তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করা এবং রাজনৈতিক দলের প্রচারসামগ্রী নষ্ট করা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকার ও বিজেপির দৃষ্টি আকর্ষণ করতে চান বলেও জানান তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সুনীল কুমার দাস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিয়েও সরব হন। তাঁর দাবি, রাজ্যের এসসি, এসটি, ওবিসি, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বহু মানুষ এখনও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। সর্বভারতীয় নেতা চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে আজাদ সমাজ পার্টি এই সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ভবিষ্যতে যাতে রাজনৈতিক প্রচারসামগ্রী নষ্ট করা কিংবা এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তিনি। পাশাপাশি, প্রত্যেক নাগরিকের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত রাখার দাবি জানিয়ে বলেন, নির্বাচনে ভয়ভীতি বা বাধা সৃষ্টি হলে তা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়াতে পারে।
ঘটনার নিরপেক্ষ তদন্ত ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার দাবি জানিয়েছে আজাদ সমাজ পার্টি।








