অবৈধ কাঠ মজুতের বিরুদ্ধে বন দপ্তরের অভিযান, উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার কাঠ

প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠের ব্যবসা বন্ধ করতে বিশেষ অভিযান চালাল বন দপ্তর। চম্পকনগর মান্দাই ফরেস্ট সাব-ডিভিশনের ফরেস্ট প্রোটেকশন ইউনিটের উদ্যোগে টানা তিন দিন ধরে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় এক হাজার ফুট কাঠের লগ উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা।

অভিযানের প্রথম দিন বেলবাড়ি এলাকায়, দ্বিতীয় দিন খুমুলুং ফার্ম বাজার সংলগ্ন অঞ্চলে এবং তৃতীয় দিন রবিবার ভোররাতে জিরানিয়ার কুয়াচান এলাকায় অভিযান চালানো হয়। গোপন সূত্রে অবৈধ কাঠ মজুতের খবর পেয়ে রবিবার ভোর প্রায় ৪টা নাগাদ কুয়াচান এলাকার একটি করাতকলে হানা দেন বনকর্মীরা।

অভিযানে নেতৃত্ব দেন ফরেস্ট রেঞ্জ অফিসার প্রবীর দাস। বন দপ্তরের কর্মীদের তল্লাশিতে বিভিন্ন স্থানে মজুত রাখা কাঠের লগ উদ্ধার হয়। তিন দিনের অভিযানে উদ্ধার হওয়া কাঠের পরিমাণ প্রায় এক হাজার ফুট বলে বন দপ্তর সূত্রে জানা গেছে।

বনাঞ্চলের সম্পদ সুরক্ষিত রাখা, বেআইনিভাবে কাঠ কাটা, পাচার ও মজুতের প্রবণতা রোধ করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কাঠের কারবারের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে এবং আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment