উজ্জয়িনী, ২১ নভেম্বর : হাইকোর্টের নির্দেশ মেনে মধ্যপ্রদেশের উজ্জয়িনী রেল স্টেশনের কাছে রেলের জমি থেকে অবৈধ জবরদখল উচ্ছেদে বড়সড় অভিযানে নামল প্রশাসন। শনিবার স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন মাধবনগর এলাকায় এই যৌথ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আসন্ন ২০২৮ সালের মহাকুম্ভ বা সিংহস্থ মেলায় বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় সামাল দিতে রেল চত্বরে বিশেষ ‘ক্রাউড-হোল্ডিং এরিয়া’ গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উজ্জয়িনী আরপিএফ-এর স্টেশন হাউস অফিসার নরেন্দ্র যাদব জানিয়েছেন, “হাইকোর্টের নির্দেশ অনুযায়ী উজ্জয়িনী স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের তিনটি জায়গায় অবৈধ জবরদখল সরানোর কাজ চলছে। এই অভিযানের জন্য ১০০ জনেরও বেশি আরপিএফ কর্মী, প্রায় ৫০ জন জিআরপি কর্মী এবং ১০০ জনেরও বেশি সিভিল পুলিশ মোতায়েন করা হয়েছে। উচ্ছেদের কাজের জন্য পর্যাপ্ত সংখ্যায় এক্সকাভেটর, জেসিবি এবং বিভিন্ন লোডিং গাড়ি নামানো হয়েছে।”
অন্যদিকে, মাধবনগরের ৮ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় চলমান এই অভিযান প্রসঙ্গে মহকুমা শাসক পবন বারিয়া বলেন, “হাইকোর্টের আদেশ পালন করে ৮ নম্বর প্ল্যাটফর্মের বিপরীত দিকের প্রবেশপথের কাছে রেলের জমি থেকে অবৈধ দখলদারি সরানোর অভিযান চলছে। ২০২৮ সালের প্রস্তুতির অঙ্গ হিসেবে রেল চত্বরে একটি ক্রাউড-হোল্ডিং এরিয়া তৈরি করা হবে। সেই অনুযায়ী ঘটনাস্থলে রেল সুরক্ষা বাহিনী, স্থানীয় পুলিশ, রাজস্ব দপ্তর এবং পুরসভার আধিকারিক ও কর্মীরা উপস্থিত রয়েছেন। যেহেতু এই জমির বৈধ মালিক ভারতীয় রেল, তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আজ এই অবৈধ জবরদখলগুলি সরানো হচ্ছে।” যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে।








