বিদেশে থাকা সম্পত্তি ও আয়ের তথ্য প্রকাশে বিশেষ সুযোগ, আগরতলায় আয়কর দফতরের সচেতনতা শিবির

প্রগতি ত্রিপুরা, ২০ নভেম্বর, ২০২৬: বিদেশে থাকা সম্পত্তি ও আয়ের পুরনো তথ্য প্রকাশের ক্ষেত্রে করদাতাদের বিশেষ সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে আয়কর দফতর। এই সংক্রান্ত প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে শুক্রবার আগরতলায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে আয়কর দফতরের নর্থ-ইস্ট রিজিয়নের উদ্যোগে।

‘Foreign Assets of Small Taxpayers Disclosure Scheme (FAST-DS) 2026’ শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিদেশে থাকা সম্পত্তি ও আয়ের তথ্য প্রকাশের সুযোগ পাবেন সংশ্লিষ্ট করদাতারা।

আয়োজকদের দাবি, প্রকল্পের বিধি মেনে তথ্য প্রকাশ করলে Black Money Act-এর আওতায় নির্দিষ্ট দায় থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ থাকতে পারে।

বিদেশি সংস্থার ESOP ও RSU-র মালিক, বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা শিক্ষার্থী, বিদেশ থেকে দেশে ফিরে আসা প্রবাসী ভারতীয় এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত করদাতাদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার বিকেল ৩টায় আগরতলার নেতাজি চৌমুহনী সংলগ্ন মন্ত্রিবাড়ি রোডের আয়কর ভবনের তৃতীয় তলার অডিটোরিয়ামে এই সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রকল্পের আওতায় আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর, ২০২৬। বিদেশে থাকা সম্পত্তি ও আয়ের তথ্য সংক্রান্ত কর আইন এবং প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়কর দফতর।

 

Leave a Comment