আগরতলা দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী মা কাত্যায়নী পূজা

প্রগতি ত্রিপুরা, ১৮ নভেম্বর, ২০২৬: ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে মহাসমারোহে শুরু হয়েছে মা কাত্যায়নীর পূজা। পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। পুজোকে ঘিরে মন্দির চত্বরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

হিন্দু পুরাণ অনুসারে, দেবী দুর্গার নবদুর্গার ষষ্ঠ রূপ হলেন মা কাত্যায়নী। তাঁর আবির্ভাবকে ঘিরে দুটি পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে। প্রথম কাহিনি অনুযায়ী, ঋষি কাত্যায়নের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাঁর কন্যারূপে আবির্ভূত হন। সেই থেকেই তাঁর নাম হয় কাত্যায়নী। অন্য একটি কাহিনি অনুসারে, মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে দেবীর এই রূপের সৃষ্টি হয়। তাই মা কাত্যায়নীকে শক্তি ও বীরত্বের প্রতীক হিসেবে পূজা করা হয়।

দুর্গাবাড়ির বিশেষ ঐতিহ্য অনুযায়ী, তিন দিন ধরে পূজিত হন মা কাত্যায়নী। এই পূজায় তৃতীয়া তিথিতে কোনও পূজা হয় না। পরিবর্তে প্রথমা, দ্বিতীয়া ও চতুর্থী তিথিতে দেবীর আরাধনা করা হয়। কার্তিক মাসের শেষ দিনে অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পহেলা অগ্রহায়ণ থেকে মূল পূজা অনুষ্ঠিত হয়।

প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে পালিত এই পূজাকে কেন্দ্র করে প্রতি বছরই ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এবারও পূজার সূচনালগ্ন থেকেই আগরতলা দুর্গাবাড়িতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

Leave a Comment