প্রগতি ত্রিপুরা, ১৮ নভেম্বর, ২০২৬: কংগ্রেস প্রার্থীর সমর্থনে বুধবার সকালে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির দুর্বৃত্তদের হামলা ও হুমকির মুখে পড়ার অভিযোগ উঠেছে। এমনকি হামলাকারীদের একজনের হাতে পিস্তল ছিল বলেও গুরুতর অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়দেব রায় বর্মণ।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে, বিশালগড় পুর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নানের সমর্থনে পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দেব রায় বর্মণও।
অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই একদল বিজেপি আশ্রিত দুর্বৃত্ত তাদের পথ আটকে ঘিরে ধরে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেস নেতৃত্বের দাবি, ওই দলের একজনের হাতে পিস্তলও দেখা গিয়েছিল। নির্বাচনের আগে প্রকাশ্যে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারের অধিকার রয়েছে। সেখানে প্রচারে বাধা দেওয়া কিংবা আগ্নেয়াস্ত্র দেখিয়ে আতঙ্ক তৈরির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পর কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান, জয়দেব রায় বর্মণ সহ অন্যান্য কর্মীরা বিশালগড় থানার দ্বারস্থ হন। গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।








