বছরব্যাপী জনসচেতনতা অভিযান; ‘স্টপ হঙ্কিং: লেস নয়েজ, মোর লাইফ’ কর্মসূচির উদ্বোধন কলামন্দিরে

কলকাতা, ১৮ নভেম্বর, : অপ্রয়োজনীয়ভাবে গাড়ির হর্ন বাজানো বন্ধ করা এবং দায়িত্বশীলভাবে সড়ক–আচরণ গড়ে তোলার উদ্দেশ্যে বুধবার কলকাতার কলামন্দিরে আয়োজন করা হলো বছরভর  জনসচেতনতামূলক অভিযান— ‘স্টপ হঙ্কিং: লেস নয়েজ, মোর লাইফ’ এর উদ্বোধনী অনুষ্ঠান।পাবলিক রিলেশন্স সোসাইটি অফ ইন্ডিয়া (পিআরএসআই)–র  উদ্যোগে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের সহযোগিতায় আয়োজন করা হয় এই জনসচেতনতামূলক   অনুষ্ঠানটি। এর পৃষ্ঠপোষক অংশীদার ইনফিনিটি গ্রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত তন্ময় বোস, ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান   ও ম্যানেজিং ডিরেক্টর  রবীন্দ্র চামারিয়া, পিআরএসআই–এর সভাপতি সৌম্যজিৎ মহাপাত্র এবং সহ–সভাপতি অনিন্দ্য দাস ।
উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় জি ডি বিড়লা স্কুলের ছাত্রীদের লেখা ও সুর দেওয়া   সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে। এদিন পিআরএসআই–এর সভাপতি সৌম্যজিৎ মহাপাত্র বলেন, সমাজ মাধ্যমের দৌলতে ইতিমধ্যেই ৪.২ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে “স্টপ হংকিং : লেস নয়েস, মোর লাইফ” শীর্ষক জনসচেতনতামূলক অভিযানের মূল ভাবনা। এই বিশেষ অভিযানে পাশে থাকার জন্য  এদিন উপস্থিত সকল শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।  পরের বছর ডিসেম্বর পর্যন্ত ৬০ হাজার মানুষকে এই বিশেষ অভিযানের আওতায় নিয়ে আসার বার্তা দেন এদিন। তাঁর বক্তব্যের রেশ টেনে পিআরএসআই–এর সহ-সভাপতি অনিন্দ্য দাস তুলে ধরেন  বিকশিত ভারতের প্রসঙ্গ। আর   ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান এবং  ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র চামারিয়া উল্লেখ করেন কোভিড পরবর্তী সময়কালের  শহর কলকাতার ছবি। কলকাতার রাস্তায় যত বেড়েছে গাড়ির সংখ্যা, ততই বেড়েছে  হর্নের দাপট। বেড়েছে শব্দদূষণ। তাই ভবিষ্যতের নাগরিকের কাছে এই বিশেষ অভিযানে সামিল হওয়ার বার্তা রাখেন এদিন। এরপর বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত তন্ময় বোস তাঁর বক্তব্যের ফাঁকে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন কিছু সুন্দর মুহূর্ত। এরপর উপস্থিত বিদ্যালয় এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় প্রাথমিক পর্বের অনুষ্ঠান।

Leave a Comment