ছত্তিশগড়ের পাঁচ জেলায় আয়কর হানা

রায়পুর, ১৮ নভেম্বর : কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে ছত্তিশগড়ের পাঁচ জেলায় একযোগে অভিযান চালাল আয়কর দফতর। বুধবার ভোর থেকে রায়পুর, বিলাসপুর, রায়গড়, দুর্গ এবং জাঞ্জগির-চাম্পা জেলার একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি শুরু হয়েছে। ইস্পাত, কয়লা ও নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকটি সংস্থার নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকেরা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, রায়পুর, নাগপুর ও ভোপাল থেকে আসা আয়কর দফতরের দল এই অভিযান চালাচ্ছে। বর্বারিক গোষ্ঠীর কর্ণধার শ্রবণ আগরওয়াল এবং তাঁর ব্যবসায়িক অংশীদারদের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। পাশাপাশি রায়গড় ইস্পাত গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গাতেও পৌঁছেছেন আধিকারিকেরা।
রায়পুরের রিং রোড, শঙ্কর নগর ও খামহারডিহ এলাকাতেও তল্লাশি চালানোর খবর পাওয়া গিয়েছে। চন্দখুরির বহনাকাড়ি গ্রামের একটি কারখানায় হানা দিয়েছে আয়কর দফতরের দল। তেলিবাঁধা রিং রোড-১ এলাকায় পিআরএ গোষ্ঠীর অফিসেও তল্লাশি চলছে। ব্যবসায়িক লেনদেন, আয়-ব্যয়ের হিসাব এবং অন্যান্য আর্থিক নথি পরীক্ষা করছেন আধিকারিকেরা।
অন্যদিকে, রায়গড়ে রায়গড় ইস্পাত গোষ্ঠীর কমল আগরওয়াল এবং সান স্টিলের অফিস ও কারখানায় তল্লাশি চালানো হচ্ছে। বিলাসপুরে লোহা ব্যবসায়ী জে পি মিত্তলের বিভিন্ন ঠিকানাতেও নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকেরা। ভোর পাঁচটা নাগাদ বিভিন্ন এলাকায় একযোগে দলগুলি পৌঁছয়। সূত্রের খবর, রায়গড় ইস্পাত ও বর্বারিক গোষ্ঠীর মধ্যে ব্যবসায়িক যোগ রয়েছে।
এর আগে রাজ্যের বিভিন্ন জেলায় কয়লা লেভি আদায় এবং ছত্তিশগড় স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের (সিএসএমসিএল) মদ দুর্নীতির তদন্তে অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) ও দুর্নীতি দমন শাখা (এসিবি) অভিযান চালিয়েছিল। সেই অভিযানে দেড় ডজনেরও বেশি জায়গায় তল্লাশি চালিয়ে কয়েকজন ব্যবসায়ী ও আধিকারিকের বাড়ি এবং অফিসের নথি পরীক্ষা করা হয়।

Leave a Comment