রাজধানীতে ৩০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার তিন

প্রগতি ত্রিপুরা,১৭ নভেম্বর : রাজধানীতে ফের মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্র্যান্ডিওস এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানা গেছে। এই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হওয়ার পর গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সদর মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনসহ পূর্ব থানার পুলিশ আধিকারিকরা।

এই মাদক কারবারের পিছনে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস, পাচারের রুট এবং এই কারবারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সদর মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান, এই ঘটনার তদন্তে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। মাদক পাচারের নেপথ্যে থাকা বড় কারবারিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও তিনি ইঙ্গিত দেন।

এদিকে, উদ্ধার হওয়া ফেনসিডিলের সঙ্গে রাজধানীর শান্তিপাড়া এলাকার এক ব্যক্তির যোগসূত্র রয়েছে বলে বিশেষ সূত্রে দাবি করা হচ্ছে। ওই ব্যক্তি ‘মোটা ভাই’ নামে পরিচিত বলে জানা গেছে। তবে এই অভিযোগের সত্যতা পুলিশি তদন্তে এখনও নিশ্চিত হয়নি।

রাজধানীর বুকে মাদক পাচারের এই চক্রের বিস্তার কতদূর, তার সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে থাকা মূল কারবারিদের চিহ্নিত করা সম্ভব হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে। পুলিশি তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment