প্রগতি ত্রিপুরা,১৭ নভেম্বর : খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝড় তুলল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বিকেল ৩টায় কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে বিজেপি মনোনীত ১৫ জন প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সভায় দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রদেশ সহ-সভাপতি তথা জেলা প্রভারি তাপস মজুমদার, বিজেপির জেলা সভাপতি সমীর কুমার দাস, মণ্ডল সভাপতি অনুকূল দাস, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী সিপিএম ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি বলেন, জনসমর্থন হারিয়ে বিরোধীরা এখন নির্বাচন কমিশনের কার্যালয়ে ধর্নায় বসছে। অথচ অতীতে বাম শাসনামলে খুন, সন্ত্রাস এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের পরিবেশ তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদেই সিপিএম ও কংগ্রেস আজ একজোট হয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
খোয়াইয়ের ঐতিহ্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, একসময় খোয়াই সাংস্কৃতিক পীঠস্থান হিসেবে পরিচিত ছিল। কিন্তু বাম শাসনামলে সেই ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করলে তারা গণতন্ত্রের জয় হয়েছে বলে দাবি করে, আর পরাজিত হলে ইভিএম নিয়ে প্রশ্ন তোলে। কংগ্রেসের সঙ্গে সিপিএমের বর্তমান রাজনৈতিক সমঝোতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ১৯৯৩ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেস কর্মীদের অতীতের ঘটনাবলি স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বাম শাসনামলের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, খুন ও সন্ত্রাসের মধ্য দিয়ে রাজ্যে বামেদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। খোয়াই শহরেও সেই সময় বহু মানুষ রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। দক্ষিণ জেলায় ৬৯ জনকে হত্যার অভিযোগও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
আসন্ন পুর পরিষদ নির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বলেন, গতবার রাজ্যের ২০টি পুর ও নগর সংস্থার নির্বাচনে সবকটিতেই বিজেপি জয়লাভ করেছিল। এবার বিশ্রামগঞ্জ যুক্ত হওয়ায় মোট সংস্থার সংখ্যা বেড়ে হয়েছে ২১। এবারও ২১টির মধ্যে ২১টিতেই বিজেপি জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। খোয়াইয়ের ১৫টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও প্রত্যয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। এই জনসংযোগ কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। খোয়াইয়ের জনসভায় বিপুল মানুষের উপস্থিতি আগামী নির্বাচনের ফলাফলের ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদের নির্বাচনী প্রচার ও প্রশাসনিক দপ্তরে অবস্থান কর্মসূচির সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার এবং জনপ্রতিনিধিরা ২৪ ঘণ্টা মানুষের জন্য কাজ করছেন। অন্যদিকে বিরোধীরা জনসমর্থন হারিয়ে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে। এদিনের জনসভায় বিজেপি নেতৃত্ব আগামী পুর পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।








