প্রগতি ত্রিপুরা,১৭ নভেম্বর : স্বামীহারা প্রায় ২৭ বছর আগে। একমাত্র ছেলে গত দুই বছর ধরে জেলবন্দি। ছেলের স্ত্রীও চার সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। ফলে বার্ধক্যের শেষ প্রান্তে এসে চার নাতি-নাতনির দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে অসহায় বৃদ্ধা শ্যামলা খাতুনকে। অভাব-অনটন, অনিশ্চয়তা আর প্রতিকূল পরিবেশের মধ্যেই দিন কাটছে তাঁর পরিবারের। সোনামুড়া মহকুমার শুভাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকায় বসবাস এই পরিবারের।
দীর্ঘ প্রায় ২৭ বছর আগে স্বামীকে হারানোর পর থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছেন শ্যামলা খাতুন। একমাত্র ছেলে খুরশিদ আলম গত দুই বছর ধরে জেলে থাকায় পরিবারের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, চারটি সন্তানকে রেখে তাদের মা চলে যাওয়ায় শিশুদের দেখাশোনা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছে বৃদ্ধা ঠাকুমার ওপর।
নিজস্ব কোনো বসতভিটে নেই শ্যামলা খাতুনের। বর্তমানে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন তিনি। রেগার কাজ করে যে সামান্য উপার্জন হয়, তা দিয়েই কোনো রকমে চার নাতি-নাতনির মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই সামান্য আয়ে সংসার চালানোর পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা তাঁর পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
পরিবারের বসবাসের ঘরটির অবস্থাও অত্যন্ত শোচনীয়। বৃষ্টি হলেই ছাদ দিয়ে জল পড়ে। নেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। এমন অস্বাস্থ্যকর ও অনিশ্চিত পরিবেশেই বেড়ে উঠছে চারটি শিশু। তাদের পড়াশোনা, পুষ্টি, নিরাপত্তা এবং স্বাভাবিক শৈশব নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
এই পরিস্থিতিতে প্রশাসনের মানবিক উদ্যোগের দাবি উঠছে। চারটি শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারি সাহায্য, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দুর্দশার কথা তুলে ধরেন বৃদ্ধা শ্যামলা খাতুন। নিজের জন্য তাঁর বিশেষ কোনো চাহিদা নেই। জীবনের শেষ বয়সে তাঁর একটাই স্বপ্ন—চার নাতি-নাতনিকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু একার পক্ষে এই কঠিন দায়িত্ব কতটা সামলাতে পারবেন, তা নিয়েই এখন গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।








