ব্রহ্মকুন্ড মেলা উপলক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর, ২০২৬: আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত রাস পূর্ণিমা উপলক্ষে ব্রহ্মকুন্ডে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলাকে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল সিমনা ব্রহ্মকুন্ড মেলা প্রাঙ্গনে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিল্প ও বানিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা।

পর্যলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মেলা উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর এবং স্বসহায়ক দলের পক্ষ থেকে প্রদর্শনী ও সচেতনতামূলক স্টল খোলা হবে। পর্যালোচনা সভায় আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা মেলাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গঠিত বিভিন্ন উপকমিটিগুলিকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার পরামর্শ দেন।

পাশাপাশি মহকুমা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রেখে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মেলার সার্বিক সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, হেজামারা সাব-জোনালের চেয়ারম্যান পরিতোষ দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, মোহনপুর ব্লকের বিডিও গোপালকৃষ্ণ দত্ত, হেজামারা ব্লকের বিডিও মানস মুরাসিং, সমাজসেবী বিনোদ দেববর্মা, ভানু রুদ্রপাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও এলাকার জন প্রতিনিধিগণ।

Leave a Comment