প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৬: আসন্ন তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে ঝড় তুলল বিজেপি। মঙ্গলবার বিকেলে তেলিয়ামুড়ায় নির্বাচনী জনসভা ও রোড শোতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। জনসভা থেকে বিজেপির উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে দলের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিন প্রথমে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। পরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন রাজপথে রোড শো করেন তিনি। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়।
এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর-প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপির রাজ্য নেতৃত্বের সদস্য তাপস মজুমদার, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃত্ব।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত পাঁচ বছর ধরে তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং প্রায় সাড়ে আট থেকে নয় বছর ধরে রাজ্যে বিজেপি সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশা ও আদর্শকে সামনে রেখেই সরকার পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যায় না, বরং বছরের প্রতিটি দিন মানুষের পাশে থেকে কাজ করে। তাঁর কথায়, “আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন কাজ করি। আমরা পরীক্ষার সময় পরীক্ষা দিই না, কংগ্রেস আর সিপিএমের মতো। আমরা সারা বছর কাজ করি, ২৪ ঘণ্টা কাজ করি। তাই ভালো ফলাফল হওয়াটাই স্বাভাবিক।”
পৌর নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ২১টি আসনের মধ্যে ইতিমধ্যেই চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি ১১টি আসনেও বিজেপির জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান। ডোর টু ডোর প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, সাধারণ মানুষই বিজেপির সবচেয়ে বড় শক্তি এবং দলের মূল ভিত্তি।
জনসভা ও রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়ার মানুষের ভালোবাসা ও উৎসাহে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, সভাস্থল থেকে শুরু করে রোড শোয়ের পুরো পথজুড়েই রাস্তার দু’পাশে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই জনসমর্থন বিজেপির প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলগুলিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের কাছে মানুষের সামনে তুলে ধরার মতো কার্যকর কোনও বিষয় নেই। তাই তারা উন্নয়নের বিকল্প প্রস্তাব না দিয়ে কেবল সমালোচনায় ব্যস্ত রয়েছে। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, নির্বাচনে মানুষ শেষ পর্যন্ত কাজ ও উন্নয়নের নিরিখেই নিজেদের রায় দেবেন।
সবশেষে তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পৌর এলাকার উন্নয়নের ধারাকে আগামী দিনেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।








