১৬ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর প্রচার, জয়ের দাবি বিজেপির

প্রগতি ত্রিপুরা, ১৬ নভেম্বর, ২০২৬: আগরতলা পুর নিগমের নির্বাচনী প্রচারে প্রতিদিনই বিভিন্ন বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে কের চৌমুহনী এলাকায় জনসংযোগ ও বাড়ি বাড়ি ভোট প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার-সহ দলীয় নেতৃত্ব। পরে রামনগরের ৬ নম্বর রাস্তায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, আগরতলা পুর নিগমে বিজেপিকে পুনরায় ক্ষমতায় দেখতে চাইছেন সাধারণ মানুষ। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যেই বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট চাইছেন তাঁরা। রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থাতেই বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে বিজেপির বিরুদ্ধে কোনও সরকারবিরোধী হাওয়া নেই। বিরোধীরা মূলত সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছে, কিন্তু জনসমর্থন তাদের সঙ্গে নেই। আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনকে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে সংযম বজায় রেখে নির্বাচনী প্রচার চালানোর জন্য দলীয় কর্মী-সমর্থকদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment