পোলবা-দাদপুরে জনজাতীয় গৌরব দিবস উদযাপন, উপস্থিত সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস

হুগলি, ১৬ নভেম্বর : ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার জনজাতি উন্নয়ন দফতর , পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পোলবা-দাদপুর ব্লকে আয়োজিত হলো জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে দেশের জনজাতি সমাজের গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি জনজাতীয় সমাজের অধিকার রক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।
বিধায়ক অরূপ কুমার দাস জানান, আদিবাসী সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি দেশের অমূল্য সম্পদ। তাঁদের অধিকার, সম্মান এবং উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।
ভগবান বিরসা মুন্ডার জীবন ও সংগ্রামকে স্মরণ করে জনজাতীয় সমাজের উন্নয়ন এবং তাঁদের গৌরবময় ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের তাৎপর্য প্রকাশ পায়।

Leave a Comment