ধান কাটার মরশুমে ব্যস্ত কামারশালা, আধুনিক যন্ত্রের ভিড়েও হারায়নি কাস্তের কদর

হুগলি, ১৬ নভেম্বর : ধান কাটার মরশুম শুরু হতেই গ্রামবাংলার কামারশালাগুলিতে বাড়ছে কর্মব্যস্ততা। মাঠের পাকা ধান ঘরে তুলতে কৃষকদের এখন অন্যতম ভরসা ধারালো কাস্তে। আর সেই কাস্তের ধার ফিরিয়ে দিতেই কামারশালায় ভিড় জমাচ্ছেন চাষিরা। আগুনে লোহা উত্তপ্ত করে তার ওপর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে কাস্তের ধার। একইভাবে ধার দেওয়া হচ্ছে খড় কাটার বঁটিতেও।
ধান কাটার মরশুমে এমনই ছবি ধরা পড়ল গোঘাটের চাতরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রাস্তার দু’পাশে রয়েছে দুটি কামারশালা। সেখানে কৃষকদের ভিড়, সারি দিয়ে রাখা কাস্তে আর উত্তপ্ত লোহার ওপর হাতুড়ির ঠকঠক শব্দে মুখরিত চারপাশ।
তবে সময়ের সঙ্গে বদলেছে এই পেশার পরিস্থিতি। শ্রীমন্ত কর্মকারের কথায়, আগের তুলনায় কামারশালায় কাজ অনেকটাই কমেছে। আধুনিক ধান কাটার যন্ত্র এবং হারভেস্টারের ব্যবহার বাড়ায় কাস্তের চাহিদা কমেছে। নতুন প্রজন্মও আর তেমনভাবে এই পেশায় আসতে চাইছে না।
যদিও তারকনাথ কর্মকারের অভিজ্ঞতা কিছুটা আলাদা। তাঁর দাবি, যাঁদের হাতে ধান কাটার প্রয়োজন রয়েছে, তাঁরা এখনও কাস্তে ধার করাতে কামারশালায় আসেন। বগাজলের কৃষক গৌতম বেতাল জানান, কিছুটা ধান মেশিনে কাটলেও বাকি অংশ তিনি এখনও হাতে কাস্তে দিয়েই কাটেন। একটি ভালো মানের কাস্তে ধার করাতে খরচ পড়ে প্রায় ৫০ টাকা।
আধুনিক কৃষিযন্ত্রের দাপটে কাজ কমলেও বংশপরম্পরায় চলে আসা এই পেশা ছাড়তে নারাজ কর্মকাররা। আগুন, হাতুড়ি আর দক্ষ হাতের ছোঁয়ায় আজও টিকে রয়েছে গ্রামবাংলার প্রাচীন কামারশালার ঐতিহ্য।

Leave a Comment