প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬: শনিবার সিআইটিইউ রাজ্য কমিটির উদ্যোগে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী প্রাঙ্গণে এক বিশাল শ্রমজীবী জনতার জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশে বাম শিবিরের শীর্ষ নেতৃত্ব তীব্র আক্রমণ শানান। সভায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জোর দাবি জানানো হয়।
নির্বাচন কমিশন ও সংবিধান রক্ষার আহ্বান: মানিক সরকার: এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনেরই বাকি দুই সদস্য ১৪টি চিঠি লিখেছিলেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক নিযুক্ত হওয়া সত্ত্বেও তাঁরা অন্যায় সহ্য করতে না পেরে প্রতিবাদে মুখর হয়েছেন। তিনি অভিযোগ করেন, জ্ঞানেস কুমারকে এমন সুরক্ষা কবচ দেওয়া হয়েছে যাতে তিনি নিজে পদত্যাগ না করলে তাঁকে কেউ সরাতে পারবে না এবং তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া যাবে না। কারণ, এই কমিশন সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে মদদ জোগাচ্ছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অবিলম্বে জ্ঞানেস কুমারের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি, এসআইআর (SIR) প্রক্রিয়া বন্ধ করা, সদ্য প্রকাশিত নতুন ভোটার তালিকা বাতিল করে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করা এবং দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সাড়ে আট বছর ধরে ত্রিপুরায় আইনের শাসনের পরিবর্তে জঙ্গলের রাজত্ব চলছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে কর্নেল চৌমুহনী এলাকায় বামফ্রন্টের প্রচারে শাসক দলের দুষ্কৃতীদের হামলার তীব্র নিন্দা জানান তিনি।
আইন-শৃঙ্খলা ও ‘গুন্ডাতন্ত্র’ নিয়ে জিতেন্দ্র চৌধুরীর তোপ: সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কথায় কথায় ‘আইন আইনের রাস্তায় চলবে’ বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ছাপ্পা ভোট দিতে গিয়ে ধৃত যুবককে বিলোনিয়া পুর পরিষদ নির্বাচনে প্রার্থী করার প্রসঙ্গ তুলে তিনি বিজেপি সরকারকে কটাক্ষ করেন।
সোনামুড়ার একটি ঘটনার উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, গরুর মাংস ও চিনি চোরাচালান এবং জনজাতি সমাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পরও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দিল্লির যুবকের ঘটনায় পুলিশি তৎপরতার উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে কেন আইন থেমে যাচ্ছে? বিগত নয় বছরে মুষ্টিমেয় কিছু নেতা-মন্ত্রীর পাহাড়প্রমাণ সম্পদ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, রাজ্যে বর্তমানে গুন্ডাতন্ত্র ও ছাপ্পা ভোটের কারখানা চলছে, যার মাস্টারমাইন্ড কিছু মন্ত্রী এবং তাদের ‘হেডমাস্টার’ হলেন খোদ মুখ্যমন্ত্রী। সিআইটিইউ রাজ্য কমিটির এই সমাবেশে সংগঠনের কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠানটিকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।








