ধর্মনগরে সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: পুরো পরিষদের নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ধর্মনগর, পানিসাগর ও বাগবাসার বিধায়করা। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পুরো পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে ধর্মনগরে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে যোগ দিতে শনিবার সকাল ১১টার ট্রেনে ধর্মনগরে এসে পৌঁছান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব।

ধর্মনগর রেলস্টেশনে পৌঁছানোর পর তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীসহ উপস্থিত বিজেপির নেতাকর্মীরা। দলীয় কর্মীদের মধ্যে এদিন তাঁকে ঘিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টা নাগাদ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির সাংগঠনিক বৈঠক। ধর্মনগর পুরো পরিষদের নির্বাচনে দলের ২৫ জন প্রার্থীসহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব ও কর্মীরা এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথসহ অন্যান্য বিশিষ্ট দলীয় নেতৃত্ব ও অতিথিবৃন্দ।

বৈঠকের শুরুতে বিপ্লব কুমার দেবকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এরপর ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বন্দেমাতরম সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক বৈঠকের সূচনা হয়। নির্বাচনী প্রস্তুতি, দলীয় সংগঠনের কার্যক্রম এবং প্রার্থীদের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা যায়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বিরোধী দল সিপিআইএমকে নিশানা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও বিরোধী দল সিপিআইএম ব্যাপক তৎপরতা দেখিয়েছিল। কিন্তু নির্বাচনের পর তাদের সেই তৎপরতা আর অব্যাহত থাকেনি বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, অতীতেও সিপিআইএমের একাধিক কর্মী বিজেপিতে যোগদান করেছেন এবং আগামী দিনেও আরও অনেকে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিতে পারেন।

বিপ্লব কুমার দেব আরও অভিযোগ করেন, নির্বাচনী প্রচারের পরিবর্তে বিরোধী দলের একাংশের কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে নিয়ে মন্তব্য করতেই বেশি ব্যস্ত রয়েছেন। আসন্ন পুরো পরিষদের নির্বাচনেও বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা দলত্যাগ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলের সঙ্গেই থাকবেন।

সব মিলিয়ে ২৭ নভেম্বরের পুরো পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে বিজেপির এই সাংগঠনিক বৈঠককে দলীয় নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে প্রার্থী ও কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই ছিল এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।

Leave a Comment