সাব্রুমে গৃহবধূকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতা

প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: সাব্রুম মহকুমার পূর্ব দুর্লভপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার দাবি, অভিযুক্তরা তাঁকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছে। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূ নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

নির্যাতিতার নাম শুম্পা বনি দেবনাথ। তাঁর প্রায় নয় বছর আগে বিয়ে হয়েছে এবং একটি সন্তান রয়েছে। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রাতে বাড়িতে ফিরে বারান্দায় অবস্থান করার সময় পরিচিত কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়। এরপর তাঁরা তাঁর ওপর চড়াও হয়ে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে। এমনকি তাঁর পোশাকের একাংশ, চুল এবং কানের গহনাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় সুবল ত্রিপুরা ও দশ রতি ত্রিপুরা নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নির্যাতিতা। তাঁর দাবি, অভিযুক্তরা পূর্বপরিচিত এবং স্থানীয় এলাকার বাসিন্দা। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর শরীরের বিভিন্ন অংশে ব্যথা রয়েছে বলে জানা গেছে।

কান্নাজড়িত কণ্ঠে নির্যাতিতা মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, একই এলাকার পরিচিত মানুষ হয়েও কীভাবে অভিযুক্তরা তাঁর সঙ্গে এমন আচরণ করতে পারল, তা তিনি বুঝে উঠতে পারছেন না। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে সাব্রুম এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশি তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের বক্তব্য এখনও স্পষ্ট নয়। নির্যাতিতা ও তাঁর পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

Leave a Comment