উদয়পুরের চিত্তরঞ্জন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল সংলগ্ন দোকানপাট ও বসতবাড়ি

প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: উদয়পুর সেন্ট্রাল রোড সংলগ্ন চিত্তরঞ্জন রোড এলাকায় শুক্রবার একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় সংলগ্ন দোকানপাট ও বসতবাড়ি।

জানা গেছে, গৌড় নিতাই জুয়েলার্সের মালিক যদুলাল দেবনাথ দোকানে পূজার্চনা সেরে বাইরে আসার পর তাঁর গোডাউনের ভিতরে আগুন ও ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে দমকল বিভাগে খবর দেন।

খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যদুলাল দেবনাথের গোডাউনের কাচঘেরা অংশের ভিতরে আগুন জ্বলতে এবং ধোঁয়া বের হতে দেখেন। পাশাপাশি থাকা অপু রঞ্জন দেবনাথের টিনের দোকানেও আগুনের সামান্য প্রভাব পড়ে। পাশের ফেমাস টেলার দোকানেও আগুনের প্রভাব পড়েছে বলে জানা গেছে।

দমকল বাহিনীর সময়োচিত পদক্ষেপের ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। যদুলাল দেবনাথের গোডাউনের সিলিংয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দোকানের প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে অধিকাংশ জিনিসপত্র অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লক্ষ টাকা বলে দমকল বিভাগের সূত্রে জানা গেছে।

আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

Leave a Comment