প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গোপন সূত্রে প্রাপ্ত খবর এবং নিয়মিত টহলদারির ভিত্তিতে শ্রীমন্তপুর ও বলেরডেপা সীমান্ত সড়ক সংলগ্ন জঙ্গল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে ১৪ কেজি শুকনো গাঁজা এবং ২৪৯ বোতল এসকাফ (Escuf) কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ঘটনাস্থলেই উদ্ধার সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল। এই অভিযানে ৮১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের শ্রীমন্তপুর বিওপির জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এই পাচারচক্রের নেপথ্যে আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখতে সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মালিকের সন্ধানেও চলছে তল্লাশি। তদন্তে জড়িতদের পরিচয় ও যোগাযোগের সূত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে পুলিশ ও বিএসএফের এই যৌথ তৎপরতাকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।








