কলকাতা, ১৩ নভেম্বর : হাসনাবাদ-শিয়ালদহ রেল শাখার ভ্যাবলা স্টেশনের কাছে রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে এই রুটে এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা।
রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ভ্যাবলা স্টেশনের অদূরে রেল লাইনে একটি বড়সড় ফাটল দেখা যায়। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দার নজরে বিষয়টি প্রথম আসে। বিপদের আঁচ পেয়ে তিনি তৎক্ষণাৎ ভ্যাবলা স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারকে পুরো বিষয়টি জানান। খবর পাওয়ামাত্রই বড়সড় দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল প্রশাসন। পাশাপাশি, স্টেশন মাস্টার বিষয়টি রেলের উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করেন।
ট্র্যাকে ফাটলের খবর পেয়েই রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু করেন। মেরামতির কাজ চলাকালীন হাসনাবাদ-শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে আপ এবং ডাউন লাইনের একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। সপ্তাহের কাজের দিনে সকালবেলায় অফিস ও কর্মস্থলগামী যাত্রীরা এর জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হন। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় বহু যাত্রী ট্রেন থেকে নেমে সড়কপথ বা অন্যান্য বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
রেল সূত্রে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত ট্র্যাকটি মেরামত করে যত দ্রুত সম্ভব ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে স্থানীয় ওই বাসিন্দার তৎপরতা ও সচেতনতার ফলেই সময়মতো রেল লাইনের ফাটলটি ধরা পড়েছে, যার জেরে এক ভয়াবহ রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন রেল আধিকারিকরা।








