কলকাতা / নদীয়া, ১৩ নভেম্বর : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের জীবনাবসান ঘটেছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায়। বৃহস্পতিবার দুপুরে তাঁর নশ্বর দেহ কলকাতা থেকে নদীয়ার কৃষ্ণনগরের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে নদীয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে অগণিত গুণমুগ্ধ ও অনুগামীরা শেষ শ্রদ্ধা জানান প্রয়াত নেতাকে। সাধারণ মানুষ ও কর্মীদের অনুরোধে তাঁর মরদেহবাহী গাড়ি সেখানে কিছুক্ষণের জন্য থামানো হয়। শান্তিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রয়াত নেতার সন্তানসম ও দীর্ঘদিনের রাজনৈতিক অনুগামী সুব্রত ঘোষ এবং দলের বহু পুরনো কর্মী ও সমর্থকরা প্রয়াত নেতার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পারিবারিক ও রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, ১৯৫৪ সালে নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন উজ্জ্বল বিশ্বাস। নীলবিদ্রোহের অন্যতম নেতা বিপ্লবী দিগম্বরের পরিবার তথা বিপ্লবী বসন্ত বিশ্বাসের মতো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের পরিবারেই তাঁর জন্ম হয়েছিল। ২০১১ সালে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি প্রথমবার বিধানসভায় প্রবেশ করেন এবং একটানা তিনবার ওই কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন।
ব্যক্তিগত জীবনে একাধিক মর্মান্তিক ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। বেশ কয়েক বছর আগে তাঁর পুত্রের অস্বাভাবিক মৃত্যু হয়, যার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর তাঁর স্ত্রীরও প্রয়াণ ঘটে। পরিবার হারানোর সেই গভীর শোক ভুলতে তিনি পুরোপুরি রাজনীতির সঙ্গেই জড়িয়ে থাকেন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে পরাজয় এবং পরবর্তী সময়ে ত্রাণসামগ্রী সংক্রান্ত একটি মামলায় তাঁকে প্রায় ৫০ দিন কারাবাস করতে হয়। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কারাবাসের সেই তীব্র মানসিক চাপ ও ধকল তিনি আর সহ্য করতে পারেননি।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শেষ পর্যায়ে কিডনির সমস্যা, মূত্রনালীর সংক্রমণ, হৃদরোগ এবং নিউমোনিয়ার মতো একাধিক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে তাঁর শরীরের একাধিক অঙ্গ একে একে বিকল হয়ে পড়ে। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর জীবনাবসান হয়। তৃণমূল কংগ্রেসের সূরুমগ্ন দিন থেকেই দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অত্যন্ত নিবিড় ও আস্থার সম্পর্ক ছিল। তাঁর এই প্রয়াণে রাজনৈতিক মহলে ও নদীয়া জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।








