যাত্রাপুরে পুলিশের বড়সড় অভিযান, ধ্বংস ২০ হাজারেরও বেশি গাঁজা গাছ

প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। ন্যাড়ামুড়া বনাঞ্চলের সংরক্ষিত টিলাভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা গাঁজার বাগান ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। অভিযানে আনুমানিক ২০ হাজারেরও বেশি গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ ও বন দফতরের কর্মীদের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর সুপ্রিতম দে, টিএসআর বাহিনীর জওয়ান এবং অন্যান্য পুলিশকর্মীরা।

জানা গেছে, মেলাঘর ও যাত্রাপুর থানার সীমান্তবর্তী দুর্গম বনাঞ্চলে দীর্ঘ প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার চড়াই-উতরাই পথ অতিক্রম করে অভিযানকারী দল গাঁজার বাগানগুলিতে পৌঁছায়। সেখানে ছয় থেকে সাতটি পৃথক প্লটে ব্যাপক আকারে গাঁজা চাষের সন্ধান মেলে। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে প্রায় ২০ হাজারেরও বেশি গাঁজা গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, থানা এলাকায় অবৈধ গাঁজা চাষ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।

দুর্গম বনাঞ্চলে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের এই বড়সড় অভিযান এলাকায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

Leave a Comment