পাহাড়ের রেলপথ পরিদর্শনে উত্তর-পূর্ব সীমান্ত রেলের শীর্ষ আধিকারিক, শুরু ১০ নভেম্বর।

হাফলং (অসম), ১০ নভেম্বর : লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথের নিরাপত্তা ব্যবস্থা, রেল পরিকাঠামো এবং যাত্রী পরিষেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পাহাড় লাইনে বিশেষ পরিদর্শনে আসছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার (জিএম) বিবেক খারে। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই সফরকে ঘিরে রেল প্রশাসনের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, গুয়াহাটি থেকে নিউ হাফলং হয়ে বদরপুর পর্যন্ত রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখবেন তিনি। পরিদর্শনের সময় রেলপথের নিরাপত্তা, পরিকাঠামোগত উন্নয়ন এবং পরিষেবার মান পর্যালোচনা করা হবে।

রেল সূত্রে পাওয়া কর্মসূচি অনুসারে, ৯ নভেম্বর রাত ১১টা ৫৭ মিনিটে ১৫৬৭০ নম্বর ট্রেনে লামডিং থেকে যাত্রা শুরু করে ১০ নভেম্বর ভোর ৪টায় গুয়াহাটি পৌঁছবেন জেনারেল ম্যানেজার। এরপর ওই দিন সকাল ১১টায় একটি বিশেষ পরিদর্শন ট্রেনে গুয়াহাটি থেকে নিউ হাফলংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। এই যাত্রায় তাঁর সঙ্গে রেলের একাধিক পদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন। গুয়াহাটি থেকে নিউ হাফলং পর্যন্ত উইন্ডো ট্রেলিং ইন্সপেকশনের মাধ্যমে রেলপথের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে নেমে সরাসরি পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে।

পরিদর্শনের দ্বিতীয় পর্যায়ে ১১ নভেম্বর সকাল ৯টায় নিউ হাফলং থেকে বিশেষ ট্রেনে বদরপুরের উদ্দেশে যাত্রা করবেন বিবেক খারে। এই পর্বেও সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁর সঙ্গে থাকবেন। নিউ হাফলং থেকে বদরপুর পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশ পর্যবেক্ষণের পাশাপাশি উইন্ডো ট্রেলিং ইন্সপেকশন সম্পন্ন করা হবে। এরপর নিউ হাফলংয়ে রাত্রিযাপনের কর্মসূচি রয়েছে। পরবর্তী সময়ে বদরপুর থেকে লামডিংয়ের সদর দফতরে ফিরে যাওয়ার কথা রয়েছে জেনারেল ম্যানেজারের।

এই বিশেষ সফরে জেনারেল ম্যানেজারের সঙ্গে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে লামডিং রেল বিভাগের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (কো-অর্ডিনেশন), সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার, সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার, সিনিয়র ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (টিআরডি), সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (জেনারেল) এবং সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসারকে। এছাড়াও, বিভিন্ন বিভাগের পরিদর্শনের সময় সংশ্লিষ্ট সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ারদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

লামডিং রেল বিভাগের ডিআরএমের নির্দেশে ইতিমধ্যেই এই সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে। পাহাড়ি রেলপথের দুর্গম ও গুরুত্বপূর্ণ অংশগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করার পাশাপাশি ট্রেন চলাচলের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং যাত্রী পরিষেবার মান উন্নয়নের বিষয়গুলিও এই পরিদর্শনে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment