‘পুলিশের গায়ে হাত তুললে রেয়াত করা হবে না’ : কালীঘাটে অশান্তির ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

দিঘা / কলকাতা, ১০ নভেম্বর : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কলকাতার কালীঘাটে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত যে উত্তেজনা, বিশৃঙ্খলা এবং পুলিশকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল, তা নিয়ে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ওপর আক্রমণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একইসঙ্গে এই ঘটনার পিছনে ইকবালপুর এলাকার কয়েকজন বহিরাগত জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।

কালীঘাটে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে গিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি জানান, সরকারি দায়িত্ব পালনের সময় কোনও পুলিশকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, মারধর কিংবা কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, কারও নাম প্রকাশ করে তাঁকে অযথা গুরুত্ব দিতে চান না তিনি। তবে কর্তব্যরত পুলিশকে আঘাত করা, ভয় দেখানো কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার মতো অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি ধারায় মামলা দায়ের করা বাধ্যতামূলক। তাঁর আরও দাবি, সংঘর্ষের ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন এবং নিয়ম মেনেই তাঁদের চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

ঘটনার ভিডিও ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। দ্রুত চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের হেফাজতে নিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কালীঘাটের এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের স্থানীয় তৃণমূল নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তারির পর পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কালীঘাট এলাকার স্থায়ী বাসিন্দা নন। তাঁর বক্তব্য, অভিযুক্তদের সঙ্গে হরিশ চ্যাটার্জি স্ট্রিট বা হরিশ মুখার্জি রোডের স্থানীয় বাসিন্দা হিসেবে কোনও সম্পর্ক নেই। তাঁরা মূলত ইকবালপুর এলাকার বাসিন্দা। রাত দুটোর সময় ইকবালপুরের কয়েকজন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন উপস্থিত হয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কালীঘাটের ঘটনার পর রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। ভবিষ্যতে যাতে কোনও ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সেজন্য পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে এবং কঠোরতার সঙ্গে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা, পুলিশের ওপর হামলা কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment